নাটোরে পলকের বিরুদ্ধে বিএনপি-যুবদলের দুই মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২০:৩১

দুটি মামলা দায়ের হয়েছে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নামে। সোমবার (৩ সেপ্টেম্বর) রাতে নাটোরের সিংড়া থানায় মামলা দুটি দায়ের করেন বিএনপি ও যুবদলের দুই নেতা। পলক ছাড়াও মামলা দুটিতে ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সময় এবং দলীয় কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলা দুটি দায়ের করা হয়। মারধরের অভিযোগে দুটি মামলার একটি দায়ের করেন সিংড়া উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম। এই মামলায় ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে। অপর মামলাটি দায়ের করেছেন রামানন্দ খাজুরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শিমুল হোসেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের ২৭ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপির পদযাত্রা কর্মসূচিতে ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি কৈগ্রাম এলাকায় আওয়ামী লীগের লোকজন ফাঁকা গুলি ছোড়ে। এ সময় লোহার রড দিয়ে বিএনপি নেতাদের এলোপাথারিভাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়। এছাড়া বাদীর একটি মুঠোফোনও ছিনতাই করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রাণনাশেরও হুমকি দেন আসামিরা। এ কারণে তখন মামলা করতে পারেননি বাদী।

অপর মামলায় বলা হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ধানের শীষের এজেন্ট থাকা অবস্থায় বাদোপাড়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে মারধর করা হয়। এ সময় যুবদল নেতা শিমুল হোসেনের কাছে থাকা মুঠোফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনতাই করা হয়। পরদিন সিংড়া উপজেলার হরিণী তিন মাথা মোড়ে এসে বাদীকে কুপিয়ে রক্তাক্ত করেন আসামিরা।

সিংড়া থানার ওসি আবুল কালাম মামলা দুটি রুজুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দুটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এসএএস