ভুটানের বিপক্ষে আজ দুটি লক্ষ্য বাংলাদেশের 

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৩

গত বছর ভারতে অনুষ্ঠিত সাফে ভুটানের বিপক্ষে শেষবার খেলেছিল বাংলাদেশ। ৩-১ গোলে জিতেছিল জামাল ভুঁইয়ার দল। আজ ভুটানের মাঠে খেলবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ভুটানের রাজধানী থিম্পুতে চাংলিমিথাং ফুটবল স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় প্রথম ম্যাচ শুরু হবে। একই মাঠে রোববার দ্বিতীয় ম্যাচ। 

২০১৬ সালে থিম্পুর এ মাঠেই ভুটানের কাছে হেরে দেশের ফুটবলের 'জাত গেল জাত গেল' রব উঠেছিল। বাংলাদেশের বিপক্ষে ভুটানের একমাত্র জয়। ওটা ছিল ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। সেই হার নিয়ে ফুটবল সমালোচকরা এখনো নিভে যাওয়া আগুনে ঘি ঢালেন। জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ বলছিলেন, ভুটান তাদের মাঠে শক্তিশালী। ভুটান নিজেদের মাঠে শক্তিশালী প্রতিপক্ষ।

সবচেয়ে বড় কথা হচ্ছে ভুটানের ফুটবলাররা লিগ থামিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলছে। আর বাংলাদেশের ফুটবলার লিগ শেষ করেছে আরও আগে। জাতীয় দল শেষ ম্যাচ খেলেছে তিন মাস আগে। তার চেয়েও বড় কথা হচ্ছে ঘাসের মাঠে খেলে অভ্যস্ত ফুটবলাররা আজকে টার্ফের মাঠে খেলবেন। আরও কথা হচ্ছে পাঁচ দিনে ভুটানের উচ্চতার সঙ্গে কতটা মেনে নিতে পেরেছেন ফুটবলাররা, তা নিয়েও প্রশ্ন আছে। কারণ জামাল-তপুরা শ্বাসকষ্ট পাচ্ছিল। অন্যদিকে তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন বলেছেন, 'কোনো অজুহাত দেখিয়ে লাভ নেই। ভুটানের বিপক্ষে আমরা দুই ম্যাচই জিততে চাই।' 

২০২৫ সালে এশিয়ান কাপের খেলা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রস্তুতি শুরু করেছে। আজকের ভুটান ম্যাচ থেকেই মূলত এই প্রস্তুতি শুরু, যেটা গতকাল ভুটানে সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরা। নভেম্বরে ফিফা উইনডো রয়েছে সেগুলো কাজে লাগাতে চান। প্রশ্ন ছিল অনেক দূরে থাকার পর আজকের ম্যাচে কী পরীক্ষা করতে চান কোচ কাবরেরা। তিনি জানিয়েছেন, দুটো জিনিস দেখতে চান। জয় পেতে চান এবং দলটার ট্যাকটিস দেখতে চান। কতটা গোছাতে পেরেছেন সেটা দেখে নিতে চান আজ। একাদশে নতুন দুজনকে নামাতে চান কোচ। অধিনায়ক জামাল ভূঁইয়া মনে করছেন তিন মাস না খেলায় পিছিয়ে রয়েছে তার খেলোয়াড়েরা। গুডসেপে নেই। এটা ফিরিয়ে আনতেই আবার লড়াইয়ে নামছেন তিনি। 

বাংলাদেশের বিপক্ষে ভুটানের সেই জয়ের নায়ক ছিলেন চেনচো, দুই গোল করেছিলেন। ভুটানের শক্তি তারা কাউন্টার আক্রমণে ফণা তুলে দাঁড়ায়। তাই শুধু চেনচোকে নিয়েই থাকতে চান না জামালরা। প্রত্যেক পজিশনে সজাগ দৃষ্টি রাখতে চান তারা। অধিনায়ক জামাল মনে করছেন কঠিন ম্যাচ হবে। কারণ ভুটান খেলার মধ্যে রয়েছে আর বাংলাদেশের খেলোয়াড়েরা ফিটনেসের মধ্যে ছিল না। তবুও দুই ম্যাচ জিততে চান জামাল। ভুটান-বাংলাদেশ ১৪ বার মুখোমুখি হয়। এর মধ্যে ১১ বারই বাংলাদেশের জয়, দুইবার ড্র এবং ভুটানের জয় মাত্র একবার। ভুটানের জাপানি কোচ অতসুসি নাকামুরা এ বছরই দলের দায়িত্ব পেয়েছেন। অবশ্য বাংলাদেশকে ভয় না পেয়ে লড়াই করতে মানসিক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

ইত্তেফাক/জেডএইচ