নিজেদের ঘরের মাটিতে সাদা পোশাকে বাংলাদেশের কাছে ধবলধোলাই হয়ে সিরিজ হেরেছে পাকিস্তান। টাইগারদের কোনো রকম বাধাই দিতে পারেননি তারা। বলা যায়, সিরিজের দুই ম্যাচেই স্বাগতিকদের বিপক্ষে দাপট দেখিয়ে জয় তুলে নিয়েছেন শান্ত-মিরাজরা। যদিও সিরিজ শেষে দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য ক্ষমা চেয়েছেন টেস্ট অধিনায়ক শান মাসুদ। তবে তাতে মন ভরছে না দেশটির সাবেক ক্রিকেটারদের। হারের পর থেকেই দলের ও ক্রিকেট বোর্ডের সমালোচনায় মেতেছেন তারা।
সিরিজ হারের পর সংবাদ সংস্থা পিটিআইকে সাবেক ব্যাটসম্যান ও অধিনায়ক মিয়াঁদাদ বলেন, 'এটা কষ্টের যে, আমাদের ক্রিকেট এই পর্যায়ে এসেছে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে তাদের গোছানো পারফরম্যান্সের জন্য। কিন্তু এই সিরিজে যেভাবে আমাদের ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে, তা খুব বাজে লক্ষণ।'
সাবেক এই অধিনায়ক এই হারের দায় শুধু ক্রিকেটারদের দিচ্ছেন না। তার মতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) সমানভাবে দায়ী। তিনি আরও বলেন, 'আমি শুধু খেলোয়াড়দের দোষ দেব না, কারণ গত দেড় বছরে বোর্ডে (পিসিবি) যা কিছু হয়েছে এবং অধিনায়কত্ব ও ম্যানেজমেন্টের পরিবর্তন দলকে প্রভাবিত করেছে।'
আরেক পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক ইনজামাম-উল-হক এই সিরিজ হারের জন্য দোষ দেখছেন দলের ব্যাটারদেরই। তিনি বলেন, 'অতীতে সেরা দলগুলোকে হারানোর জন্য হোম সিরিজকে সব সময় আমাদের সেরা সুযোগ হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু এর জন্য তো ব্যাটসম্যানদের রান পেতে হবে। আমাদের ব্যাটাররা অতীতে রান পেয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি মনে করি, এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিক দৃঢ়তা দরকার।'
সাদা পোশাকে সব শেষ পাঁচ সিরিজের মধ্যে তিনটিতেই ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এছাড়া একটি ড্র ও একটিতে জিতেছে। এছাড়া সবশেষ কয়েক ম্যাচ ধরেও দলটি ছন্দে নেই। খারাপ পারফরম্যান্সের মধ্যেই ঘুরপাক খাচ্ছে বাবর-রিজওয়ানরা। এটি খেলোয়াড়দের মানসিকভাবে চাপে ফেলেছে এবং দলটির সাবেক কিংবদন্তি ব্যাটার ইউনুস খান মনে করেন, এই লজ্জার সিরিজ হারটি হয়েছে এই কারণেই। তিনি বলেন, 'আমাদের ব্যাটসম্যানরা অতীতে রান পেয়েছে, তবে এই মুহূর্তে আমি মনে করি, এই সংকট কাটিয়ে উঠতে তাদের মানসিকভাবে শক্তিশালী হওয়া এবং একটি পরিষ্কার মন দরকার।'
এদিকে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের শুরু থেকেই দলের খেলোয়াড়দের বাজে পারফরম্যান্স নিয়ে নিজের এক্স প্রোফাইলে সমালোচনা করে আসছেন পাকিস্তানি ব্যাটার আহমেদ শেহজাদ। বাবর আজমরা ধবলধোলাই হওয়ার পর তিনি প্রতিক্রিয়া জানিয়ে বলেন, 'নিজেদের কন্ডিশনে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। আপনারা জানেন না কীভাবে খেলতে হয়, আপনারা খেলার মতো সামর্থ্য রাখেন না (পাকিস্তান দল)।'
এ সময় বাংলাদেশকে নিয়ে শেহজাদ বলেন, 'তারা পাকিস্তানে আসার পর তাদের সব অনুশীলন সেশনও পরিচালনা করেন। সেই মুহূর্তে তাদের দেশের অবস্থাও ততটা ভালো ছিল না। তারা পাকিস্তানে এসে ঘাম না ঝরিয়ে আপনাদের ছাড়িয়ে গেছে।' এছাড়া বাংলাদেশের বিপক্ষে এমন ঐতিহাসিক হারের পর সমালোচনা করেছেন দেশটির ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রমিজ রাজাসহ আরও অনেক সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক।
