সফল পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে ফেরেননি সাকিব আল হাসান। করাচি থেকে লন্ডনগামী ফ্লাইট ধরেছেন তিনি। সেখানে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন এই টাইগার অলরাউন্ডার।
হত্যা মামলার আসামি হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। তার খেলা, না খেলা নিয়ে চলছে আলোচনা–সমালোচনা। তবে নিজের খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।
সফল মিশন শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাকিবকে নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক। সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের ব্যাপারে কথা বলতে চান বলে জানিয়েছেন শান্ত।
বিমানবন্দরে গণমাধ্যমকে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। তবে প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। যখন দেখা হবে (প্রধান উপদেষ্টার সঙ্গে), এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।’
