মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করায় খুলনায় উৎসব মণ্ডল (১৮) নামে এক কলেজছাত্রকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সেনাবাহিনীর হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, কলেজছাত্র উৎসব মণ্ডল মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করে পোস্ট দেন। বুধবার রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা জানাজানি হওয়ার পর কয়েকজন শিক্ষার্থী তাকে ধরে এনে নগরীর সোনাডাঙ্গায় ডেপুটি পুলিশ কমিশনারের (সাউথ) কার্যালয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শত শত লোক গিয়ে ঐ কার্যালয় ঘেরাও করে। এ সময় ক্ষিপ্ত জনতা কটূক্তিকারীকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা করে। এক পর্যায়ে রাত পৌনে ১২টার দিকে উত্তেজিত জনতা অফিসের তিনতলায় প্রবেশ করে উৎসব মণ্ডলকে গণপিটুনি দেয়।
কেএমপির উপ-পুলিশ কমিশনার (সাউথ) তাজুল ইসলাম জানান, আটক উৎসব মণ্ডলের বিরুদ্ধে মামলা এবং তাকে আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হলেও পরিস্থিতি শান্ত করা সম্ভব হয়নি। একপর্যায়ে উত্তেজিত জনতা আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনী ভেদ করে তিনতলায় উঠে তাকে গণপিটুনি দেয়।
তিনি বলেন, ছেলেটিকে সেনাবাহিনীর হেফাজতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
