৩ দিন ধরে বন্ধ মেহেরপুর-কুষ্টিয়া রুটের বাস চলাচল

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৪

বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের মধ্যে দ্বন্দ্বের জেরে তিনদিন ধরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।  

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এর আগে মঙ্গলবার বিকালে অটোরিকশা চালকরা মারধর করেন এক বাসচালককে। পরবর্তীতে মেহেরপুর থেকে কয়েকটি গাড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলেও সিএনজি চালকদের ধাওয়ার মুখে পড়তে হয়।  

ছবি: ইত্তেফাক

মেহেরপুরের একটি লোকাল বাসের সুপারভাইজার জুয়েল রানা জানান, পরশুদিন বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের দ্বন্দ্বের মধ্যেই মেহেরপুর থেকে কিছু বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে রাস্তায়  রিকশাচালকদের ধাওয়ার মুখে পড়তে হয়। 

বাসচালক ইসলাম হোসেন জানান, সকালে কয়েকটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে গেলেও বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়ে। বিশেষ করে কুষ্টিয়ার মধ্যে খলিশাকুন্ডি পার হলে বিভিন্ন জায়গায় ব্যারিকেড সৃষ্টি করেছেন সিএনজি চালকরা।

এ বিষয়ে জানতে চাইলে মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ বলেন, উভয়পক্ষের সঙ্গে আলোচনা চলছে। আশাকরি দ্রুতই সমস্যার সমাধান হবে। 

মেহেরপুরের জেলা প্রশাসক শামীম হাসান বলেন, বিষয়টি কুষ্টিয়া প্রশাসনের ব্যাপার। তারা কী করছে আমাদের জানা নেই। কুষ্টিয়া প্রশাসন ও বাস মালিকরা বসে বিষয়টি সমাধান করতে পারে।

 

ইত্তেফাক/এসএএস