নাফনদীতে জেলের জালে মিললো হ্যান্ড গ্রেনেড

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৫৮

কক্সবাজারের টেকনাফের নাফদীতে মাছ শিকারে যাওয়া এক জেলের জালে পাওয়া গেছে একটি হ্যান্ড গ্রেনেড। 

শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফের সাবরাংয়ে নাফনদীতে স্থানীয় জেলে ওমর ফারুকের ঠেলা জালে মাছ শিকারের সময় একটি ব্যাগের ভেতর ওই গ্রেনেডটি পাওয়া যায়। বিষয়টি জানিয়েছেন জেলে ওমর ফারুক। 

তিনি জানান, সকালে নাফনদীতে ঠেলা জাল নিয়ে মাছ শিকার করছিলাম তখন দেখি জালের মধ্যেই একটি ব্যাগ ঢুকে, পরে ব্যাগটি খুলে দেখি একটি হ্যান্ড গ্রেনেড পাওয়া যায়। পরে গ্রেনেডটি বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এটি মিয়ানমার থেকে ভেসে আসতে পারে বলে তিনি জানায়। 

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, 'নাফনদীতে এক জেলে মাছ শিকারের সময় একটি ভাসমান ব্যাগ পায়। ব্যাগটি খুলে প্রাইমিং করা একটি তাঁজা হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছে। গ্রেনেডটি সাবরাং বিওপির কাছে জমা দেওয়া হয়েছে।পরবর্তীতে রামু সেনানিবাসে পাঠিয়ে গ্রেনেডটি ধ্বংস করা হবে বলেও জানান মহিউদ্দিন আহমেদ।

ইত্তেফাক/এসএএস