মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হেফাজতে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫
নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের হেফাজতে সৈয়দ নুরুল করিম (৫৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
 
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
জানা গেছে, রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে একটি ডাবল ডেকার যাত্রীবাহী বাসের নিচতলায় অভিযান চালান মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের পরিদর্শক জয়নাল আবেদিন। পরে মাদক পাচারকারী সন্দেহে নুরুল করিমকে আটক করা হয়।
 
প্রতক্ষ্যদর্শীরা জানায়, বাস থেকে নামিয়ে প্রথমে ওই ব্যক্তির হাত বেঁধে ফেলা হয়। এ সময় তাকে মারধর করা হলে সে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে সাইনবোর্ড প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর নেওয়া হয় শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগে। সেখানে নেওয়ার পর কতর্ব্যরত চিকিৎসক নুরুল করিমকে মৃত ঘোষণা করে।
 
নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ রিফাত হোসেন গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।
 
 
 
ইত্তেফাক/এসএএস