কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা শাহজাহান মিয়াকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাবের একটি দল।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাবের আইন ও গণমাধ্যম শাখা।
সোমবার সকালে এক বার্তায় বলা হয়, তালিকাভুক্ত মাদক কারবারি ও টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, কোটা সংস্কার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র নিয়ে তার হামলার ফুটেজ রয়েছে। সহিংসতা ও মাদকসহ বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে।
এর আগে গত ২০ অগাস্ট সাবেক সংসদ সদস্য বদিকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে র্যাব।
সংসদ সদস্য থাকা অবস্থায় ২০১৪ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা এক তালিকায় বদি এবং তার ভাই-বেয়াই, মামা-ভাগ্নে মিলিয়ে পরিবারের ১০ জনের নাম আসে।

