১৫ দিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ গেইট

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:০৭

টানা ১৫ দিন পানি ছেড়ে দেওয়ার পর অবশেষে বন্ধ হলো রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট।

সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় এক যোগে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

এর আগে অতি বর্ষণে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত বিপদ সীমার উপরে অতিক্রম করায় অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরেরদিন ২৫ আগস্ট সকাল ৮টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে একযোগে খুলে দেওয়া হয়েছিল। 

কর্ণফুলী পানি কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা ১৫ দিন ধরে পানি ছেড়ে দেয়ার পর কাপ্তাই হ্রদে পানির উচ্চতা কমতে থাকায় অর্থাৎ বিপদ সীমার নীচে চলে আসায় আমরা সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীলওয়ের ১৬টি গেইট বন্ধ করে দিয়েছি। 

তিনি আরও বলেন, গত ২৪ আগস্ট সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি বিপদ সীমার উপরে চলে যাওয়ায় অর্থাৎ ১০৮ ফুট মীন সি লেভেল অতিক্রম করায় পরেরদিন ২৫ আগস্ট সকাল ৮টা হতে পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ের ১৬টি গেইট ৬ ইঞ্চি করে খুলে  দেওয়া হয়েছিল। সেই জন্য ভাটি অঞ্চলে জরুরী সর্তকবার্তা দেওয়া হয়েছিল।

এদিকে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি থাকায় বর্তমানে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্র থেকে দৈনিক ৫টি ইউনিটে সর্বোচ্চ গড়ে ২১০ হতে ২২০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।

 

ইত্তেফাক/এসএএস