নগরীর একটি ডাস্টবিন থেকে মৃত এক নবজাতক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা মৃতদেহটি একটি কন্যাশিশুর।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকার ১১ নম্বর সড়কের একটি ডাস্টবিন থেকে ওই মৃত নবজাতকটিকে উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মনির উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার সময় আবাসিকের স্থানীয় বাসিন্দারা ওই নবজাতকের প্রাণহীন দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে সেটিকে উদ্ধার করে। নিষ্প্রাণ শিশুটিকে একটি লুঙ্গি পেঁচিয়ে রেখে যাওয়া হয়েছিল।
তিনি আরো জানান, আইনি কার্যক্রম শেষে ওই নবজাতকের মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
