পশ্চিম তীরে বিমান হামলায় ৫ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৬

অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনের অন্তত পাঁচজন নিহত হয়েছেন। বুধবার ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে, পাঁচটি মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে বলেছে, সশস্ত্র একটি ‘জঙ্গি গোষ্ঠীকে’ লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সন্ত্রাসবিরোধী তৎপরতার অংশ হিসেবে আইএএফের (ইসরায়েলি বিমান বাহিনী) একটি আকাশযান তুবাসের এক এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের একটি সেলের ওপর আঘাত হেনেছে।’

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গত দুই সপ্তাহ ধরে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে ধারাবাহিক সামরিক অভিযান চালাচ্ছে। পশ্চিম তীরের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এসব অভিযান চালানো হচ্ছে বলে দাবি করছ্নে ইসরায়েলের সামরিক বাহিনীর। এখন পশ্চিম তীরের তুবাস, জেনিন ও তুলকার্মে বর্ধিত অভিযান চালাচ্ছে তারা। রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের এই তিনটি শহরেই হামাস, ইসলামিক জিহাদ ও ফাতাহর মতো সশস্ত্র শাখাগুলোর ব্যাপক উপস্থিতি আছে।

পশ্চিম তীরের উত্তর প্রান্তে জর্ডান সীমান্তের নিকটবর্তী শহর তুবাসে প্রবেশ করার ও বের হওয়ার পথগুলো বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরের ভেতর দিয়ে সাঁজোয়া যান ও এক্সেভেটরসহ ইসরায়েলি বাহিনীর সামরিক যানগুলোকে চলাচল করতে দেখা যাচ্ছে।

গত অক্টোবরে হামাসের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে সহিংসতা বেড়েই চলছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘৬৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। কারণ ইসরায়েলি বাহিনী তাদের প্রায় প্রতিদিন সার্চ ও গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।’

ইসরায়েল বলছে ,‘তারা পশ্চিম তীর এবং ইসরায়েলে ফিলিস্তিনি হামলা ঠেকানোর চেষ্টা করছে।’ জাতিসংঘের মতে,সেখানে ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।

ইত্তেফাক/আরএস