ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য নায়েব আলী গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে জেলা শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬-এর পক্ষ থেকে গণমাধ্যমকে বলা হয়েছে, র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে নিজ বাসা থেকে নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করে। গত ৪ আগস্ট ঝিনাইদহ সদর উপজেলায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা পৃথক দুটি নাশকতার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর পর থেকে সাবেক বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উপদেষ্টা গ্রেপ্তার হয়েছেন। নায়েব আলী জোয়ার্দ্দার ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

ইত্তেফাক/এসটিএম