সীমান্তে ভারতীয় রুপিসহ বাংলাদেশি যুবক আটক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে সাড়ে ১৯ লাখ ভারতীয় রুপিসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক যুবক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের সুরুজ আলমের ছেলে হৃদয় মিয়া (২৫)।

দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান বলেন, বিজিবি সীমান্ত থেকে ওই যুবককে আটক করেছে শুনেছি। তারা আমাদের কাছে তাকে হস্তান্তর করলে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ভারতীয় রুপিসহ আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হবে।

ইত্তেফাক/আরডি