খুলনায় ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা বৃদ্ধার লাশ উদ্ধার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪

খুলনার রূপসা উপজেলায় ঘর থেকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধার নাম সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫)। নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী তিনি। 

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাজের মেয়ে শাহিনুর ঘরের সামনের গেট বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়া না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করতে গিয়ে পেছনের গেট খোলা দেখতে পান। পরে এলাকাবাসী এসে ঘরের ভেতরে ঢুকে ওই নারীকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশকে খবর দেন। এলাকার লোকজনের ধারণা, বাড়ির নগদ অর্থ ও মালামাল লুট করতে এসে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

রূপসা থানার ওসি এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার উদ্ধার করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ডাকাতির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

ইত্তেফাক/এসএএস