জামালপুর রেলওয়ে স্টেশনে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের সদস্যদের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগে।
জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শেখ মোহাম্মদ উজ্জল গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে ২৫৫ আপ লোকাল ট্রেনটি জামালপুর স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনে আগুন দেখে চালককে জানান স্থানীয় লোকজন। ট্রেনটি থামানোর পর আগুন নেভাতে কাজ শুরু করে স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় লোকজন। পরে ফায়ার সার্ভিস এসে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রবিউল ইসলাম গণমাধ্যমকে জানান, আধঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ট্রেনের ইঞ্জিনে আগুন কীভাবে ছড়িয়ে পড়ল, কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে জানতে চাইলে তিনি জানান, ট্রেনের চালক জানিয়েছেন অতিরিক্ত তাপে আগুন লেগেছে। তারপরও তদন্ত সাপেক্ষে আগুনের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

