আন্দোলন দমনে দুই হাতে পিস্তল চালানো সেই রুবেল গ্রেপ্তার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৮

রাজশাহীর বোয়ালিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে দুই হাতে পিস্তল নিয়ে গুলি চালানো যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার রাত পৌনে ১টায় কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানিয়েছেন।

তিনি বলেন,‘গত ৫ অগাস্ট বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে।’

৫ আগস্ট স্থানীয় যুবলীগ নেতা রুবেলকে বোয়ালিয়ার আলুপট্টি মোড়ে দুই হাতে দুটি অস্ত্র নিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি করতে দেখা গিয়েছিল। সেখানে সেদিন ৮ জন ছাত্র নিহত হন বলে জানা গেছে।

সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক সমালোচনার সৃষ্টি হয়। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্ত্রধারী রুবেল পলাতক ছিলেন। এর মধ্যে কুমিল্লার দাউদকান্দি থেকে রুবেলকে গ্রেপ্তারের কথা জানাল র‌্যাব।

জানা গেছে, রুবেলের বাড়ি রাজশাহীর লক্ষীপুরের চন্ডিপুর এলাকায়। তিনি রাজশাহী মহানগর যুবলীগের নেতা। ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচন করেছিলেন তিনি।

ইত্তেফাক/আরএস