মাইক্রোবাস থেকে লাফিয়ে মুক্ত অপহৃত স্কুলছাত্রী

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০০:১৩

অপহরণকারীদের মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে গাজীপুরের এক স্কুলছাত্রী নিজেকে মুক্ত করেছে। বুধবার রাত ৮টার দিকে মহানগরীর তালাইমারী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। একটি মাইক্রোবাসে করে তিনজনকে অপহরণ করা হলেও সে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। অপর দুইজনকে নিয়ে মাইক্রোবাসটি পালিয়ে যায় বলে ওই স্কুলছাত্রী পুলিশকে জানিয়েছেন।

ওই স্কুলছাত্রী সপ্তম শ্রেণিতে পড়ে। গাজীপুরের শ্রীপুর উপজেলার শান্তিনগর গ্রামে তার বাড়ি। সে স্কুল ড্রেস পড়ে রয়েছে। অপর দুজনের একই এলাকায় বাড়ি।

আরও পড়ুন: ডিআইজি মিজানকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করবে দুদক

রাজশাহী মহানগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান স্কুলছাত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, বুধবার দুপুরে তিন স্কুলছাত্রীকে অপহরণ করে দুর্বৃত্তরা। তাদেরকে অচেতন করে রাখা হয়েছিল। মাইক্রোবাসে তাদেরকে রাজশাহীর দিকে নিয়ে আসা হচ্ছিল। মহানগরীর তালাইমারী এলাকায় মাইক্রোবাসটি থামানো হয়। এ সময় চেতনা ফিরে পায় ওই ছাত্রী। সে কৌশলে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়ে একটি দোকানে আশ্রয় নিয়ে ঘটনা খুলে বলে। এসময় মাইক্রোবাসটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরে দোকানের মালিক মতিহার থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

ওসি আরও বলেন, রাত ১০টা পর্যন্ত অপহৃত অপর দু’জনকে উদ্ধার করা যায়নি। তবে মাইক্রোবাসের বর্ণনা দিয়ে মহানগরীর ১২ থানার পুলিশকে সতর্ক করে দেয়া হয়েছে বলেও জানান ওসি হাফিজ।

ইত্তেফাক/এমআরএম