ফিফার প্রচারণায় চিরকুটের গান ‘যাদুর শহর’

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:১৬

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’র ‘যাদুর শহর’ গানে একটি ভিডিও তৈরি করে শেয়ার করা হয়েছে। যা বিশ্ববাসী দেখেছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ। ফুটসাল বিশ্বকাপ উপলক্ষ্যেই একটি রিলস বানিয়ে নিজেদের ফেসবুক পেজে শেয়ার করেছে ফিফা। 

চিরকুট ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত

যেখানে তারা ব্যবহার করেছে চিরকুট ব্যান্ডের জনপ্রিয় ‘যাদুর শহর’ গানটি। সেই ভিডিও শেয়ার করে ফিফা বাংলায় ক্যাপশন প্রকাশ করেছে। যেখানে তারা লিখেছে, ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’

ফিফার পেজে নিজেদের গানের ভিডিও দেখে আপ্লুত হয়েছেন  ‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। নিজের আইডি থেকে সেই ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, ‘ছোটবেলা থেকে ফুটবল-ক্রিকেট ভালোবাসি। সারা পৃথিবীতে ফিফা ফুটবলের ব্যাপারটা দেখে। আজকে ফিফার অফিসিয়াল পেইজে একটি কাস্টমাইজড রিলে বাংলাদেশের একটি বাংলা গানের কিছু অংশ ব্যবহার করেছে। গানটা আপনাদের অনেকের পছন্দের, আমাদের ব্যান্ডের ‘যাদুর শহর’। ভালো লেগেছে।

‘চিরকুট’ এর ভোকাল শারমিন সুলতানা সুমি। ছবি: সংগৃহীত

ফিফার অফিসিয়াল  পেজে বাংলাদেশের একটি ব্যান্ডের গানের ভিডিও দেখে ভক্তরাও বেশ খুশি হয়েছেন। একইসঙ্গে বাংলা ক্যাপশন ব্যবহার করায় ফিফার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

প্রসঙ্গত, বিশ্বের দরবারে বাংলাদেশের ব্যান্ডসংগীত পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে বাংলাদেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সুমি-পাভেলরা নিজেদের গান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে। যার ফলে তাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান।

ইত্তেফাক/এসএ