বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় সবচেয়ে চেয়ে ক্ষতিগ্রস্ত হওয়া মিরপুর-১০ স্টেশন সহসাই চালু হচ্ছে না। তবে কাজীপাড়া স্টেশন এই মাসের শেষে কিংবা আগামী অক্টোবর মাসের শুরুতে চালু হতে পারে। এছাড়া শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনও মেট্রোরেল চলবে, এমন ঘোষণা নিয়ে আসছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
আগামী ১৮ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ ঘোষণা দেবে বলে জানা গেছে।
এমআরটি-৬ প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেকট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ট্র্যাক) মো. জাকারিয়া বলেন, ‘এই মাসের শেষে কিংবা আগামী অক্টোবর মাসের শুরুতে কাজীপাড়া স্টেশন চালু করার সম্ভাবনা রয়েছে। মিরপুর-১০ স্টেশন সহসাই চালু হবে না।’
ডিএমটিসিএল এর সূত্র বলছে, গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়। আজ শনিবার স্টেশন চালুর কারিগরি নানাদিক পরীক্ষা করে দেখা হয়েছে। আর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে।
গত ১৮ জুলাই বিক্ষোভের সময় কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনে হামলা ও ভাঙচুর করা হয়। সেদিন থেকেই বন্ধ করে দেওয়া হয় মেট্রোরেল চলাচল। গত ২৫ আগস্ট মেট্রোরেল চালু হলেও বন্ধ রয়েছে স্টেশন দুটি।
ডিএমটিসিএল সূত্র বলছে, মেট্রোরেলের দুটি স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভাড়া আদায়ের সিস্টেম ‘ভেন্ডিং মেশিন’। এই মেশিনের নানা যন্ত্রাংশ কিনতে তোড়জোড় শুরু করেছে ডিএমটিসিএল। সেজন্য ভারত ও জাপানের দ্বারস্থ হয়েছে ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের রোলিং স্টক বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, জাপান ও ভারত থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি এনে স্টেশন মেরামত করা হচ্ছে।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালুর জন্য জাইকা এখনো নানা পরীক্ষা-নিরীক্ষা করছে। এতে বেশ কিছুদিন সময় লাগবে।’
