ময়মনসিংহে অ্যাম্বুলেন্সের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ২১:২৫

ময়মনসিংহের গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

রোববার (১৫ আগস্ট) বিকালে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন চারিপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আলফাজ উদ্দিন (২০) ও একই গ্রামের আব্দুল কাদির ছেলে আকাশ (১৮)। গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আলফাজ উদ্দিন ও আকাশ মোটরসাইকেল যোগে গফরগাঁও-ময়মনসিংহ কেবিআই সড়কে যাওয়ার পথে চারিপাড়া বটতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল আরোহী আলফাজ উদ্দিনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং আকাশ গুরুতর আহত হয়। এ সময় অ্যাম্বুলেন্সটি পাশের ধানক্ষেতে পড়ে যায়। 

খবর পেয়ে গফরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে এবং আহত আকাশকে গফরগাঁও উপজেলা হাসপাতালে পাঠায়। 

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী কর্তব্যরত চিকিৎসক ডা. তুষার বলেন, গুরুতর আহত আকাশকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর জরুরী বিভাগ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

গফরগাঁও থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ইত্তেফাক/এসএএস