পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় সংঘর্ষ, আহত ৫

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১

পিরোজপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মসূচিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। 

সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের এক মতবিনিময় সভায় শহরের শিল্পকলা একাডেমিতে মিলনায়তনে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে। 

জানা গেছে, মতবিনিময় সভা শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি ও পরে সংঘর্ষ শুরু হয়। এ সময় কেন্দ্র থেকে আসা বিভাগীয় টিমের সদস্যরা মঞ্চে উপস্থিত ছিলেন। কয়েক দফা সংঘর্ষে রেদোয়ান আহমেদ, স্বাধীনসহ স্থানীয় পাঁচজন আহত হয়। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর আবার মতবিনিময় সভা শুরু হয়। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আসমা আরা মিতু জানান, ‘গত ৫ আগস্ট আমাদের আন্দোলনের পরে যখন বিজয় আসছে তখন আমাদের মধ্যে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে। সেই থেকে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। তারাই আজকে এ হামলার ঘটনা ঘটিয়েছ। আমাদের মধ্যে ছাত্রলীগ ঢুকে এ হামলার ঘটনা ঘটিয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী জান্নাত রোশনী বলেন, ‘এত নেতাকর্মী আগে ছিল না । আজকে যারা এ ঘটনা ঘটিয়েছে তারা হলো সুযোগ সন্ধানী।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপদেষ্টা মুসাব্বির মোহাম্মদ সানি জানান, যারা আন্দোলনের সঙ্গে ছিল না, ৫ তারিখের পরে নানা অপকর্ম করেছে তারাই আজ হামলা চালিয়েছে। এরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ না। এখন এরা আন্দোলনের নাম ব্যবহার করতে চাচ্ছে।’

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনা ঘটেনি। বসা নিয়ে নিজেদের মধ্য হাতাহাতি হয়েছে। 

এদিকে ঘটনার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল বিভাগীয় টিমের সদস্যরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান।

প্রসঙ্গত, পিরোজপুরে গত কয়েকদিন ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। একপক্ষের অভিযোগ, যারা আন্দোলনে ছিল না এবং ছাত্রলীগের পদধারীদের নিয়ে নানা কর্মসূচি পালন করে আসছে অপরপক্ষ। অপরপক্ষের অভিযোগ, ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানা অপরাধমূলক কার্যক্রম করছিল ওই পক্ষ।

 

ইত্তেফাক/এসজেড