বন্দরে বিদ্যুতের প্রি-পেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার সকাল ১০ টার দিকে বন্দরের দাসেরগাঁও এলাকার মদনগঞ্জ- মদনপুর সড়কে নাসিক ২৪ ও ২৫ নং ওয়ার্ডের জনগণ এবং দাসেরগাঁও, চৌরাপাড়া, লক্ষণখোলা, পাতাকাটা, বৈরাগীরপাড়, গোবিন্দকুল, ফনকুল এলাকার কয়েক হাজার নারী-পুরুষ ২ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
আরও পড়ুন: আরএমপির ১২ থানার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষরিত
সড়ক অবরোধ করে প্রিপেইড মিটার চাই না, পল্লীবিদ্যুতের সিদ্ধান্ত মানি না, মানি না বলে স্লোগান দেন তারা। এ সময় সড়কের দুই প্রায় ৮ কিলোমিটার পর্যন্ত পাশে যানজটের সৃষ্টি হয়। পরে শাহজালাল শাহার সভাপত্বিতে মানববন্ধনে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শহীদুল্লাহ মাস্টার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহআলম, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আমিন, শ্রমিক নেতা আবুল হাশেম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রি-পেইড মিটার টাকা চুরির একটি রাক্ষুসে মেশিন, এই মেশিন স্থাপন করে বন্দর পল্লীবিদ্যুৎ সমিতি অতিরিক্ত বিদ্যুৎ বিল কেটে নিচ্ছে। আগে যে মিটার ছিল তা বাদ দিয়ে প্রি-পেইড মিটার দেয়া হচ্ছে। গ্রাহকরা এ মিটার চান না। ইতিমধ্যে স্থাপন করা প্রি-পেইড মিটার খুলে নেয়ার ও দাবি জানান তারা। কর্মসূচী শেষে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন এলাকাবাসী।
ইত্তেফাক/এমআরএম
