হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সেলিমকে কারাগারে প্রেরণ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৭

হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলামের আদালতে হাজির করলে রিমান্ড ও জামিনের কোন আবেদন না থাকায় সরাসরি তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন বিচারক।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে দুইটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার রিমান্ডের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার র‌্যাব-২ ও র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প যৌথ অভিযান চালিয়ে আতাউর রহমান সেলিমকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে। রাতেই তাকে ধানমন্ডি থানায় হস্তান্তর করা হয়।

সকালে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করে ধানমন্ডি থানা পুলিশ। পরে পুলিশ তাকে আদালতে হাজির করে।

প্রসঙ্গত, সরকার পতনের পর থেকেই পলাতক ছিলেন আতাউর রহমান সেলিম।

ইত্তেফাক/এনএন