কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে এক পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় এ ঘটনা ঘটে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত ব্যক্তি হলেন, ঢাকার বংশাল থানার ১২/৮ বিকে গাঙ্গুলি এলাকার নুর মোহাম্মদের পুত্র নাফি শাহরিয়ার (৩০)।
স্থানীয়দের বরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, আজ সকালে নাফি শাহরিয়ার তার স্ত্রীকে নিয়ে কক্সবাজার বেড়াতে আসেন। তারা উখিয়া উপজেলার ইনানী এলাকার হোয়াইট কিচেন হোটেল ওঠেন। দুপুরে স্বামী-স্ত্রী মিলে হোটেলটির সামনের সৈকতের সাগরে গোসলে করতে যান। সমুদ্রে ভাটার সময় স্রোতের টানে স্বামী-স্ত্রী দুই জন ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে গিয়ে নাফি শাহরিয়ারের স্ত্রীকে উদ্ধার করেন। কিন্তু নাফি শাহরিয়ার নিখোঁজ হন।
তিনি আরও বলেন, বিকাল ৫টার দিকে ইনানী এলাকার হোটেল হোয়াইট কিচেনের সামনের সৈকত সাগরে নিখোঁজ পর্যটকের লাশটি ভেসে আসে। পরে স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করা হয়। তার লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
