আইশা খান এই প্রজন্মের উঠতি সম্ভাবনাময়ী অভিনেত্রী। নাচ, উপস্থাপনা ও শিশু অভিনয়শিল্পী হিসেবে তিনি শোবিজঅঙ্গনে যাত্রা শুরু করেন। বর্তমানে বিজ্ঞাপন, টিভি নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন। তার কাজের অভিজ্ঞতা, চাওয়া-পাওয়া ও দেশ ভাবনা নিয়ে কথা বলেছেন শিশির রোয়েদাদ।
দেশ নিয়ে আপনার ভাবনা?
আমরা উন্নত দেশ বলতে অন্য দেশ বুঝি। আমি আমার দেশকেই উন্নত ও সমৃদ্ধির দেশ হিসেবে দেখতে চাই। পর্যটন খাতের উন্নয়ন চাই।
শোবিজঅঙ্গনে আসার পেছনের গল্পটা কী?
শোবিজঅঙ্গনে আসার ইচ্ছে ছিল না আমার। আমরা দুই বোন যাতে দুষ্টুমী করার সময় না পাই সেই ভাবনায়, মা আমাদের স্কুল বন্ধের দুইদিন নাচের স্কুলে ভর্তি করিয়ে দেন। সেখান থেকে নৃত্যের দিকে ঝোঁক আসে। তারপর 'মুক্ত খবর' পড়ার মাধ্যমে উপস্থাপনাতেও আগ্রহ বাড়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছি, উপস্থাপনা করেছি। দেখতে দেখতে বড় হয়ে গেলাম। ২০২০ সালে 'ক্লোজআপ কাছে আসার অসমাপ্ত গল্প ২' নাটকের মাধ্যমে এককভাবে অভিনয়ে অভিষেক হলো, এর পর থেকে রেগুলার হলাম।
এখন পর্যন্ত নিজের সেরা কাজ কোনটি?
পছন্দের ব্যাপারটা এক কথায় বলে দেওয়া মুশকিল। পছন্দের অনেক রকম থাকে। এই মূহুর্তে বলতে গেলে, সঞ্জয় মমদ্দার পরিচালিত চরকিতে মুক্তিপ্রাপ্ত 'দাগ'-এর কথা মনে পড়ছে। যেখানে আমার কো- আর্টিস্ট ছিলেন মোশাররফ করিম ভাই। এই কাজটি আমার অভিজ্ঞতায় সেরা। আমি অনেক কিছু শিখেছি।
নাটক, সিনেমা, ওয়েবফিল্ম কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন?
ভালো লাগে বলেই সব মাধ্যমে কাজ করে যাচ্ছি। তবে এখন নাটকে কাজ করাটা কমে যাচ্ছে। ওয়েবফিল্মে কাজ করতে বেশি মজা লাগে। ওটিটির কাজগুলো গুছানো হয়।
বর্তমানে কী নিয়ে ব্যস্ত আছেন?
বর্তমানে একটি ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত আছি। আমাদের পুরো টিমকে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে কাজ করে যেতে হচ্ছে। তাই এই মুহূর্তে এটা নিয়ে বিস্তারিত কিছু বলতে চাই না।
কাকে ফলো করেন, কেন?
ফলো করার ব্যাপারটা আসলে একক না। অনেকগুলো শিল্পমাধ্যমে কাজ করি। ফলো করার ধরন ও কারণ একাধিক। যখন যাকে ভালো লাগে তার দ্বারা অনুপ্রাণিত হই।
অভিনয়ে জুটিপ্রথা সম্পর্কে কী বলবেন? কার সাথে জুটি বাঁধতে চান?
আমি জুটিপ্রথায় বিশ্বাসী নই। কারো সাথে জুটি বাঁধতে চাই না। আমি চাই গল্পের যে চরিত্র, সে চরিত্রটিই আমার জুটি হয়ে উঠুক। অনেক অভিনেতার সাথে কাজ করতে চাই। নানান রকম চরিত্রে নিজেকে দেখতে চাই।
কেমন চরিত্রের জন্য নিজেকে তৈরি করতে চান?
এখনো আমার কাছে তেমন কোনো চরিত্র আসেনি। যে চরিত্রের জন্য আমি দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেছি। আশা করছি কাজ করতে করতে তেমন চরিত্রের খোঁজ পেয়ে যাব।

