কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা একটি অটোতে কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলে ২ জন নিহতের ঘটনা ঘটে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ইনচার্জ মেহেদী হাসান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকার কাশিনগর সংযোগ সড়কের মাথায়
ঢাকাগামী লেনে দ্রুত গতিতে চট্টগ্রাম থেকে আসা অজ্ঞাতনামা কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাংস বিক্রেতা জাহাঙ্গীর মিয়ার ছেলে সিএনজিচালক রাশেদ খান (২৭) এবং চট্টগ্রামের বাইজিদ খান থানার ওয়াজদিয়া মাদ্রাসা সংলগ্ন পূর্ব শহিদ নগর গ্রামের মৃত কাশেম সওদাগরের জামাতা মো. ইব্রাহিম।
নিহত সিএনজিচালক রাশেদ খানের ফুফাত ভাই রাকিব বলেন, দুর্ঘটনাস্থল থেকে মামাত ভাইয়ের লাশ আমরা বাড়িতে নিয়ে এসেছি। আমাদের কোনও অভিযোগ নেই।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির ওসি রইস উদ্দিন জানান, শুক্রবার বিকেলে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান মিয়াবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা সিএনজির পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে আমরা কাউকে খুঁজে পাইনি।
