রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রায়হানুল হককে (রায়হান) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে চারঘাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারঘাট থানায় একটি বিস্ফোরক ও পুঠিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে।
চারঘাট থানা পুলিশের একজন মুখপাত্র জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচী গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচী চলছিল। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু সাঈদ চাদের চাচা চারঘাট উপজেলার মাড়িয়া গ্রামের ফয়রুদ্দিনের ছেলে বিএনপি কর্মী মজির উদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
এদিকে উক্ত হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরেও মামলা করতে পারেনি নিহতের পরিবার। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলে সম্প্রতি নিহত মজির উদ্দিনের স্ত্রী মাসুদা বেগম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের, চারঘাট-বাঘার সাবেক এমপি এবং সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও সাবেক সংসদ সদস্য রায়হানুল হকসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অপর দিকে চারঘাট থানায় চলতি মাসে একটি বিস্ফোরক মামলা দায়ের করেন বিএনপি নেতা উজ্জল হোসেন। এ মামলায় চারঘাট থানার পুলিশ শনিবার চারঘাট বাজার থেকে রায়হানুল হককে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে চারঘাট-বাঘার সার্কেল এএসপি প্রণব কুমার বলেন, সাবেক সংসদ সদস্য রায়হানুল হক রায়হানকে চারঘাট থানায় দায়েরকৃত বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ আরও একাধিক মামলা রয়েছে। সেই মামলা গুলোতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে।
