বর্তমানে সরকারের অনেক প্রতিষ্ঠান সময়ের বিবর্তনে কার্যকারিতা হারিয়েছে। আবার অনেক ক্ষেত্রে নতুন প্রতিষ্ঠান তৈরির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই দ্রুত একটি সংস্কার কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন যাতে রাষ্ট্রকে সঠিক সাইজে আনা যায়। বর্তমানে বাজেটের সিংহভাগ বেতন-ভাতায় যায়। এ থেকে নিষ্কৃতি পেতে হলে রাষ্ট্রের সঠিক সাইজ নির্ধারণ করতে হবে। ফলে সরকারের প্রতিষ্ঠানসমূহের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয়তা পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা দরকার।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সেন্টার ফর পলিসি এ্যানালাইসিস অ্যান্ড অ্যাডভোকেসির (সিপিএএ) উদ্যোগে ‘আগামীর বাংলাদেশ: জনগণের ক্ষমতায়ন ও কার্যকর রাষ্ট্র প্রতিষ্ঠা-নাগরিক ভাবনা’ শীর্ষক একটি গোলা টেবিল আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
গোলটেবিল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরীফুল ইসলাম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. নজরুল ইসলাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাফিউল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সিপিএএ-এর প্রেসিডেন্ট ড. শরীফুল আলম।
এসময় আলোচনায় অংশগ্রহণ করেন- অবসরপ্রাপ্ত বিচারপতি ইকতেদার আহমেদ, পরিবেশ বিজ্ঞানী ড. ফজলে রাব্বী সাদেক আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফয়েজ আহমেদ, গাম্বিয়ার ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভারসিটির প্রফেসর আফরোজা বুলবুল, ব্র্যাক ইনস্টিটিউট অব গভরনেন্স ড. মির্জা হাসান, সাংবাদিক সোহরাব হাসান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর শাহ বুলবুল ইসলাম, ইউকে ওপেন ইউনিভার্সিটির ড. নাবিলা ইদ্রিস, সাংবাদিক আসজাদুল কিবরিয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মীর মানজুর মাহমুদ, প্রফেসর মোঃ আতিয়ার রহমান, গবেষক আলী আহসান জুনায়েদসহ দেশি-বিদেশি বরণ্য শিক্ষাবিদ, একাডেমিক, সাংবাদিক, কলামিস্ট, বিচারক (অবঃ), আইনবিদ, পেশাজীবিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আলোচনা সভা পরিচালনা করেন জুনায়েদ মাসরুর খান।
