বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা

কুষ্টিয়ায় কাউন্সিলরসহ ৬ জনের জামিনের ঘটনায় আদালতে বিক্ষোভ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৩২

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তামজিদ হোসেন জনিকে (২৬) হত্যাচেষ্টার মামলায় গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তিন কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়। রোববার (২২ সেপ্টেম্বর) তাদের তিনজনসহ মোট ছয় আসামিকে জামিন দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত।

রোববার দুপুরে তাদের জামিন বাতিল ও বিচারককে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছেন ছাত্র-জনতা। এ সময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে ছাত্র-জনতা, বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ প্রায় তিন শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। 

জামিন পাওয়া তিন কাউন্সিলর হলেন, কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

এ সময় বক্তারা বলেন, আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় আসামিকে জামিন দিয়েছে আওয়ামী লীগের পরিবারের বিচারক মাহমুদা সুলতানা। আওয়ামী লীগের খুনিদের বাঁচানোর চেষ্টা করছে। আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারের দুই দিন পরে তিন কাউন্সিলরকে জামিন দিয়েছে। এ ছাড়া ছয় আসামিকে জামিন দিয়েছে তিনি। তাকে দ্রুত প্রত্যাহার করা হোক। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়ার অন্যতম সমন্বয়ক তৌকির আহমেদ বলেন, জীবন ও রক্তের বিনিময়ে আমরা ছাত্র-জনতা দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। আন্দোলনকারীকে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের নেতা, পৌরসভার কাউন্সিলরসহ ছয়জনকে জামিন দেওয়া হয়েছে। আদের জামিন বাতিল, বিচারক মাহমুদা সুলতানাকে প্রত্যাহার, আন্দোলনে হত্যা এবং হত্যাচেষ্টা মামলার সকল আসামির শাস্তির দাবি জানাচ্ছি। 

এ বিষয়ে কথা বলার জন্য আদালত পুলিশের ইন্সপেক্টর জহুরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। তবে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানিয়েছে, তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়াই মানববন্ধন সমাপ্ত করে আদালত প্রাঙ্গণ ছেড়ে চলে গেছে ছাত্র-জনতা।

ইত্তেফাক/এসএএস