দেশের পাঁচ জেলার ৩২ হাজার কৃষককে জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশলের ওপর প্রশিক্ষণ দেবে সরকার। বিল্ডিং ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুডস ইন ভালনারেবল ল্যান্ডস্কেপস ইন বাংলাদেশ (বিসিআরএল) প্রকল্পে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতায় রোববার এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।
ভালনারেবিলিটি রিস্ক অ্যাসেসমেন্টের ওপর এ কর্মশালায় জানানো হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রযুক্তিগত সহায়তায় এবং গ্লোবাল এনভায়নমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ) অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ৬৬ কোটি টাকা ব্যয়ে পাঁচ বছরের প্রকল্পটি শেষ হবে ২০২৮ সালের জুনে। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ৫৬ কোটি টাকা এবং বাকি ১০ কোটি টাকা দেবে পরিবেশ অধিদপ্তর।
প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও ভোলাহাট, খুলনার ডুমুরিয়া, বটিয়াঘাটা ও পাইকগাছা, রাঙামাটির কাউখালী, খাগড়াছড়ি সদর ও মানিকছড়ি উপজেলার কৃষকদের এ প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যাসেসমেন্টের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে মার্কেট লিংকেজ তৈরির পাশাপাশি ভ্যালুচেইন ম্যাপিংও করা হবে।
এদিকে বিসিআরএল প্রকল্প এবং কনসাল্টিং ফার্ম সুশীলন লিমিটেড ও স্বাবলম্বী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে রাজধানীর খামারবাড়িতে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী। ডিএইর পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রমিজ উদ্দিন। স্বাগত বক্তব্য দেন বিসিআরএল প্রকল্পের ডিএই অংশের কম্পোন্যান্ট ডিরেক্টর ড. মোহাম্মদ লোকমান হোসেন মজুমদার।
