সাভারে বিস্কুট খাওয়ানোর প্রলোভনে তুহিন নামে পাঁচ বছরের এক শিশুকে অপহরণের ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার হেমায়েতপুরের বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার মর্জিনা বেগম (৪০) রংপুর জেলার পীরগঞ্জ থানার জামালপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী। অপহৃত শিশু তুহিন সাভারের হেমায়েতপুর এলাকার আর্জেন্টপাড়া মহল্লার মো. রুবেলের ছেলে।
পুলিশ জানায়, গত ৩ জুলাই হেমায়েতপুর আর্জেন্টপাড়া এলাকা থেকে বিস্কুট খাওয়ানোর প্রলোভনে শিশু তুহিনকে অপহরণ করে মর্জিনা বেগম। খোঁজাখুঁজি করে না পেয়ে সাভার মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে শিশুটির পরিবার। পরে উদ্ধারে নামে পুলিশ।
আরও পড়ুন: কৃষি ব্যাংকের ভোল্ট ভেঙ্গে ২৪ লাখ টাকা চুরি
সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ফারুক জানান, অপহৃত শিশুটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। মামলা দায়ের করে অপহরণকারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/অনি
