বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলার আসামি সিলেট কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মঈন উদ্দিন শিপনকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোররাতে হবিগঞ্জের মাধবপুরের গোপীনাথপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে বিজিবি। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম. ফয়সাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার মঈন উদ্দিন শিপন হবিগঞ্জ জেলার মাধবপুরের গোপীনাথপুরের ইমাম উদ্দিনের ছেলে।
পুলিশের ডিএসবি, হবিগঞ্জের ফ্যাক্স বার্তায় প্রেরিত সংবাদ থেকে জানা যায়, ৫৫ বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন গোপন মাধ্যমে খবর পান মাধবপুর উপজেলার গোপীনাথপুর মাস্টারবাড়িতে মঈন উদ্দিনের বাড়িতে অবৈধ অস্ত্রের মজুদ রয়েছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিজিবি টাস্কফোর্স গতরাতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে কোনো অস্ত্র পাওয়া যায়নি। তবে মঈন উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মঈন উদ্দিন সিলেটের তরুণ সাংবাদিক এটিএম তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৯ জুলাই সিলেট নগরীর প্রাণকেন্দ্র কোর্ট পয়েন্টে পুলিশের গুলিতে মারা যান সাংবাদিক এটিএম তুরাব।
