ঢাবিতে ছাত্রশিবিরের আত্মপ্রকাশ নিয়ে যা বললেন ছাত্রদল সম্পাদক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৭

দীর্ঘদিন পরিচয় আত্মগোপনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রকাশ্যে এসেছে ইসলামী ছাত্রশিবিরের শাখার সভাপতি ও সেক্রেটারি। তাদের পরিচয় প্রকাশ্যে আসার পর নানা আলোচনা ও সমালোচনা চললেও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

নাছির উদ্দীন বলেন, ‘সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের আত্মপ্রকাশকে আমরা ইতিবাচকভাবে দেখছি এবং তাদের স্বাগত জানাই। তবে একজন একজন করে নয় সবার পরিচয় প্রকাশ করা উচিত। আমরা লক্ষ্য করেছি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি সাদিক কায়েম ও পরবর্তীতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদ সামনে আসেন।’

তিনি আরও বলেন, ‘গোপন তৎপরতার মাধ্যমে কখনো জনসম্পৃক্ততার রাজনীতি সম্ভব নয়। গোপনে এক দলের নেতা হয়েও প্রকাশ্যে অন্য সংগঠনের পদবি ধারণ ‘প্রতারণামূলক’ আচরণ যা ছাত্র রাজনীতির সঠিক চর্চা নয়।’

জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, ‘আত্মপরিচয়ের সংকট ও অনুপ্রবেশের সংস্কৃতি থেকে বের হয়ে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানাচ্ছি।’

ইত্তেফাক/আরডি