দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। তবে ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জায়গায় গরম কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
এতে আরও জানানো হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অফিস বলছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে প্রশমিত হতে পারে। এ সময় সারা দেশেই তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া আগামীকাল বুধবারও (২৫ সেপ্টেম্বর) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। তবে পরদিন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
দিনাজপুরে সোমবার (২৩ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দেশের সর্বনিম্ন ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় বান্দরবানে।
