লা লিগায় বার্সেলোনার সাতে সাত

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৪৮

লা লিগায় চলছে বার্সেলোনার জয়রথ। চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেলেও লিগে টানা সপ্তম জয়ের দেখা পেয়েছে কাতালানরা। বুধবার (২৫ সেপ্টেম্বর) গেতাফেকে ১-০ গোলে হারিয়ে সাত ম্যাচে টানা সাত জয়ের দেখা পেয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ম্যাচের শুরুতে দাপট দেখায় গেতাফে। ১৫ মিনিটে তিনটি ভালো সুযোগ তৈরি করে তারা। তবে স্রোতের বিপরীতে ম্যাচের ১৯ মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। জুল কুন্দের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন রবার্ট লেভানডোভস্কি।

 

ম্যাচের ৩১ মিনিটে ফের গোলের দেখা পায় বার্সা। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। লেভানডোভস্কির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা। 

বিরতির পর গেতাফের ওপর চড়াও হয়ে খেলতে থাকে বার্সা। তবে গোলের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। এই জয়ে ৭ ম‍্যাচে টানা সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।   

ইত্তেফাক/জেডএইচ