বিদ্যুৎস্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো গর্ভবতী স্ত্রীরও

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়া স্বামী বিধান চন্দ্রকে (৩০) বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তার গর্ভবতী স্ত্রী কমলি রাণীও (২৬)। পরে স্বামী-স্ত্রী দুজনেই ঘটনাস্থলে মারা যান। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর (খোলা মণ্ডলের বাজার) গ্রামে নিজ বাড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত বিধান চন্দ্র ওই গ্রামের বিজয় চন্দ্রের ছেলে। তিনি অটোরিকশা চালক ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বিধান বাড়িতে নিজের অটোরিকশা চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকার শুনে স্ত্রী কমলি রাণী তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এক পর্যায়ে দুজনে মাটিতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি (তদন্ত) মো. রাজু কামাল বলেন, অসতর্কতার কারণে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পিতা বিজয় চন্দ্র মণ্ডল থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। 

ইত্তেফাক/এসএএস