শিবচরে ইজিবাইকের ধাক্কায় ইউপি সদস্যের মৃত্যু 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩২

মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আবুল কাশেম ফকির (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই ইউপির ১ নম্বর ওয়ার্ড সদস্য এবং মাগুরখণ্ড এলাকার ইয়াছিন ফকিরের ছেলে।  

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কাজ সেরে ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফিরতে একটি ভ্যানে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইক পেছন থেকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে পাঁচ্চর রয়েল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  নিহত আবুল কাশেমের ছেলে তোফাজ্জল ফকির এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ইত্তেফাক/এসএএস