কানপুর টেস্ট

আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ প্রথম দিনের খেলা 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৫

আলোক স্বল্পতা ও বৃষ্টিতে শেষ হয়েছে কানপুর টেস্টের প্রথম দিনের খেলা। ৩৫ ওভার খেলা হওয়ার পর গ্রিন পার্ক স্টেডিয়ামের চারপাশটা অন্ধকার হয়ে আসার কারণে খেলা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। এরপর নামে বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় প্রথম দিনের খেলা সমাপ্ত ঘোষণা করে করেন আম্পায়াররা।    

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তবে তা ধরে রাখতে পারেননি তারা। দলীয় ২৯ রানের মধ্যে জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

২৪ বলে খেলেও রানের খাতা খুলতে পারেননি জাকির। তার বিদায়ের পর ৩৬ বলে ২৪ রান করে সাজঘরে ফিরে যান সাদমান। এই দুই ওপেনারকে আউট করেন পেসার আকাশ দীপ।

এরপর মুমিনুল হককে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করে মধ্যাহ্ন বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে দলীয় ৮০ রানে ৫৭ বলে ৩১ রান করে আউট হন শান্ত। এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুমিনুল। 

আলোর স্বল্পতার কারণে ৩৫ ওভার শেষে খেলা বন্ধ রয়েছে। ৩ উইকেটে ১০৭ সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল ৮১ বলে ৪০ ও মুশফিক ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন।  

ইত্তেফাক/জেডএইচ