যমুনা ফিউচার পার্কে জালের কনসার্ট আজ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬

পাকিস্তানের জনপ্রিয় জাল ব্যান্ডের অংশগ্রহণে ঢাকায় ‘লিজেন্ডস অব দ্য ডেকেড’ শিরোনামের কনসার্ট আয়োজন নিয়ে নতুন সিদ্ধান্ত এলো। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এই কনসার্ট যমুনা ফিউচার পার্কের নর্থ কোর্টে একটি নতুন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মধ্যরাতে কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন তাদের ফেসবুক পেইজে এ  তথ্য জানায়।

শুক্রবার রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্টটি হওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে জানানো হয়, বৃষ্টির কারণে তা স্থগিত করা হয়।

এর আগে দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে গান গাইতে বুধবার রাতে ঢাকায় পৌঁছায় জনপ্রিয় পাকিস্তানি ব্যান্ড জাল। এই কনসার্টের মাধ্যমে জালের  ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি ও বাংলাদেশের ব্যান্ড ভাইকিংসের ২৭ বছর পূর্তি উদযাপন করার কথা জানানো হয়। এই কনসার্টে ঢাকার তিন ব্যান্ড  অর্থহীন, ভাইকিংস ও কনক্লুশনও থাকার কথা রয়েছে।

এই কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান হিসেবে অ্যাসেনের সঙ্গে জির্কোনিয়াম, ইন অ্যাফিলিয়েশন উইথ রুটওভার এক্সপিরিয়েন্সও রয়েছে।

ইত্তেফাক/আরএস