টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ ও আফগানিস্তানের। তবে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজ স্থগিত করে দুই দেশের ক্রিকেট বোর্ড। অবশেষে এই দুই দলের ওয়ানডে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী নভেম্বরে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ৬ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দুই দল। এরপর ৯ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে।
এসিবি তাদের বিজ্ঞপ্তিতে জানায়, উভয় বোর্ডের শুধু ওডিআই সিরিজ খেলতে সম্মত হয়েছে, যা আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উভয় দলের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, নভেম্বর-ডিসেম্বরে দুটি টেস্ট, তিন ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেই সফরের আগেই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার আগ্রহ দেখায় বাংলাদেশ। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে বসবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির আসর। যার প্রস্তুতি হিসেবে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি খেলতে চেয়েছিল বাংলাদেশ।
