‘আন্দোলনের অন্যতম সহযোদ্ধা’ নামফলক খুলে ফেললেন ইলিয়াস

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৮

পটুয়াখালীতে ‌‘বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪ এর অন্যতম সহযোদ্ধার বাসভবনে’র পোস্টর সম্বলিত একটি সাইনবোর্ডের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। আন্দোলনের নাম দিয়ে এমন সাইনবোর্ড টাঙানো নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। 

সমালোচনার মুখে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে নামফলকটি খুলে ফেলেন নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘সহযোদ্ধা’ দাবি করা ইলিয়াস হোসেন। 

খোঁজ নিয়ে জানা যায়, মো. ইলিয়াস হোসেন কাজী পাড়া এলাকার আব্দুস সত্তার মজুমদারের ছেলে। তিনি বর্তমানে ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন। 

ইলিয়াস হোসেনের স্ত্রী ফরিদা ইয়াসমিন বলেন, আমার স্বামী ও মেয়ে আন্দোলনে অংশগ্রহণ করছিল। তিনি কোনো কিছু পাওয়ার জন্য করে নাই। আমি আগেই আমার স্বামীকে নি‌ষেধ করছিলাম যে এটা লাগা‌নো ঠিক হ‌বে না, মানুষে হাসাহাসি করবে। কিন্তু তিনি তার ভালো লাগার জায়গা থেকেই এই কাজটা করছে।

সাইনবোর্ড খোলার বিষয়ে জানতে চাইলে ইলিয়াস হোসেন বলেন, পটুয়াখালীতে আন্দোলন করেছি, চৌরাস্তা থেকে শহীদ মিনার ছিল আমাদের দখলে। আমরা সবাই একত্রে ছিলাম, এক সারিতে ছিলাম। আমার মেয়েও এই আন্দোলনে ছিল। সে পটুয়াখালী সরকারি কলেজে পড়ছে। ভালো লাগা থেকেই বাসার সামনে সাইনবোর্ড টানিয়েছিলাম। গত ৫ আগস্টের পর এই সাইনবোর্ড টানিয়েছিলাম। সাইনবোর্ড টাঙানো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ার কারণে তা তিনি খুলে ফেলেছেন। 

ইত্তেফাক/এআই