গত দু’বছর ধরে গায়িকা, বাচিক শিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা হৃতিক রোশন। খ্যাতনামী তারকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতেই রাতারাতি প্রচারের আলোয় চলে আসেন সাবা। যদিও সাবা নিজে নাট্য পরিবারের মেয়ে। ছোটবেলায় অভিনয় করেছেন জন নাট্য মঞ্চে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবর অনুযায়ী, সম্প্রতি আমাজন মিনি টিভি সিরিজ ‘হু ইজ ইউর গাইন্যাক?’-এ কমেডি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন সাবা। তার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেমিক হৃতিক রোশন।
প্রেমিকা সাবার পুরস্কারপ্রাপ্তিতে বলিউডের এই অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত সা (সাবা)। এটি ছিল তোমার অবিশ্বাস্য পারফরম্যান্স!’
তিনি আরও লিখেছেন, ‘এশিয়ান একাডেমি ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৪-এ সেরা অভিনেত্রী (কমেডি) বিভাগে বিজয়ী হিসেবে তোমার নাম ঘোষণা করায় আমি আনন্দিত।’
আমাজন মিনি টিভি সিরিজ ‘হু ইজ ইউর গাইন্যাক?’ ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর মুক্তি পায়। এই সিরিজে ডা. বিদুষী কোটারি চরিত্রে অভিনয় করেন সাবা আজাদ।
প্রসঙ্গত, লোকমুখে হৃতিক-সাবার সম্পর্কের কথা ব্যাপক চর্চায় থাকলেও হৃতিক এ ব্যাপারে মুখ খুলছিলেন না। অবশেষে ২০২২ সালে পরিচালক করণ জোহরের ৫০ তম জন্মদিনে হৃতিক প্রকাশ করেন তাদের সম্পর্কের কথা। এরপর থেকে প্রায়ই দু’জনকে একসঙ্গে দেখা যায়।
স্ত্রী সুজান খানের সঙ্গে ২০১৪ সালে বিচ্ছেদ হয় হৃতিকের। তাদের দুটি সন্তান রয়েছে।
বর্তমানে ‘হু ইজ ইউর গাইন্যাক?’ সিরিজের দ্বিতীয় সিজনের অভিনয়ে ব্যস্ত রয়েছেন সাবা আজাদ। অন্যদিকে, হৃতিকের ব্যস্ততা ইতালিতে ‘ওয়ার ২’-এর শুটিং নিয়ে।
