সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদী ২ দিনের রিমান্ডে

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১৭:৩১

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলায় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে দুইদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বুধবার (২ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে আব্দুস সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিশিষ্ট এই ব্যবসায়ী জাতীয় দলের সাবেক ফুটবলার ছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। তৎকালীন এই প্রধানমন্ত্রীর পতনের পর তার সরকারের প্রভাবশালী মন্ত্রী ও এমপিদের একের পর এক দুর্নীতি সামনে আসছে। সেই সঙ্গে চলছে মামলা ও গ্রেপ্তার।

ইত্তেফাক/এসকে