ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহপ্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন গত সপ্তাহে। এরপর থেকে নাসরাল্লাহর উত্তরসূরী হিসেবে আলোচনায় রয়েছেন হাশেম সাফিএদ্দিন। তিনি নাসরাল্লাহর আত্মীয়। এবার সাফিএদ্দিনকে হত্যা করতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) রাতে বৈরুতে হিজবুল্লাহর নির্বাহী কমিটির প্রধান হাশেম সাফিএদ্দিনকে লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। তবে তিনি কি অবস্থায় রয়েছেন তা জানা যায়নি।
হাশেম সাফিএদ্দিন নির্বাহী কাউন্সিলের প্রধান হিসেবে হিজবুল্লাহর রাজনৈতিক বিষয়গুলো তত্ত্বাবধান করেন। তিনি জিহাদ কাউন্সিলের সদস্য, যা প্রতিরোধ যোদ্ধাদলটির সামরিক কার্যক্রম পরিচালনা করে।
একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, বৈরুতের দক্ষিণের একটি উপশহরে এই হামলা হয়েছে। সেখানে হিজবুল্লাহর অনেক স্থাপনা রয়েছে। হামলার সময় হাসেম সাফিউদ্দিন গভীর ভূগর্ভের একটি বাংকারে অবস্থান করছিলেন। তবে হামলায় তিনি নিহত হয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
লেবাননের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে নাসরাল্লাহকে মারতে যে হামলা ইসরায়েল করেছে তার চেয়ে এবারের হামলা অনেক ভয়াবহ ছিল। তবে হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।
