চট্টগ্রামে তেলবাহী ট্যাংকারে আগুনের ঘটনায় ১ নাবিকের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৩:৪৭

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘বাংলার সৌরভ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় ১ নাবিকের মৃত্যু হয়েছে। নিহত নাবিকের নাম সাদেক।

শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ৪৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের মোবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জরুরি সেবা ৯৯৯-এর কল পেয়ে আমরা তেলের ট্যাংকারে আগুনের বিষয়টি নিশ্চিত হই। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। পরে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা এসে ৪৮ নাবিককে উদ্ধার করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সাদেক নামে এক নাবিকের মৃত্যু হয়েছে।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় কর্ণফুলী নদীর ডলফিন জেটিতে ‘বাংলার জ্যোতি’ নামে একটি তেলবাহী জাহাজে আগুনের ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনজনের মৃত্যু হয়। 

ইত্তেফাক/এসএএস