সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর গুলি চালানো মুছা কক্সবাজারে গ্রেপ্তার

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৯:০৮

সিরাজগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণকারী ও হত্যা মামলার আসামি আবু মুছাকে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত ৪ আগস্ট সিরাজগঞ্জ সদরে সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় ৩টি হত্যা মামলা দায়ের হয় এতে মামলার এজাহারভুক্ত আসামিসহ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে র‍্যাবের তৎপরতা অব্যাহত ছিল। শনিবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে ওই হত্যা মামলাগুলোর এজাহারভুক্ত আসামি আবু মুছা অবস্থান করার খবর পায় র‍্যাব। পরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু মুছা অস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে জানিয়ে আবুল কালাম বলেন, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণের তথ্য স্বীকার করেছে। তার বিরুদ্ধে অস্ত্রের ভয় ও ক্ষমতার দাপট দেখিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় ভূমি দখল, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার মুছাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান আবুল কালাম চৌধুরী।

আবু মুছা এলাকায় কিলার মুছা (৪২) নামে পরিচিত। সিরাজগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তবাড়ী এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে তিনি।

ইত্তেফাক/আরএস