পল্লবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় আওয়ামীলীগ ও যুবলীগের আরও দুই নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো পল্লবী থানার ৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনি।
শনিবার (৫ অক্টোবর) রাতে পল্লবী থানা এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। গত ৪ আগস্ট বিকেলে মিরপুর ১০ এর পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল মোঃ ইমন হোসেন আকাশ। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তাদের ছোড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় ইমনের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।
গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে পল্লবী এলাকা হতে পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিমকে গ্রেফতার করেছিল পল্লবী থানা পুলিশ।
