দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিএসএফকে

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৩:২২

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় ভারত হিলি বিএসএফের কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে মিষ্টি তুলে দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন। একই সময় বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয় বিজিবিকে।

বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন সাংবাদিকদের জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি।

ইত্তেফাক/ কেএইচ