গত ৭ অক্টোবর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘রূপগঞ্জে সরকারি জমিতে ডাইং কারখানা, হুমকির মুখে জনস্বাস্থ্য’ শিরোনাম শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ট্রু ফেব্রিক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ বাশার।
প্রতিবাদলিপিতে তিনি বলেছেন, প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত জমি সম্পূর্ণ বৈধভাবে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নেওয়া হয়েছে। দেশের প্রচলিত আইনের প্রক্রিয়া অনুসরণ করে আমরা সকল প্রয়োজনীয় রাজস্ব, আয়কর, ভ্যাট, ভূমি উন্নয়ন কর ও জামানত ডিপোজিট হিসেবে প্রদান করেছি এবং আমাদের নিজস্ব অর্থায়নে জায়গা ভরাট করে প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করে শিল্প কাজে ব্যবহার করে আসছি। বর্তমানে, কিছু স্বার্থান্বেষী ব্যক্তি আমাদের লিজকৃত স্থাপনা দখলের চক্রান্ত করছে এবং স্থানীয় জনগণকে মিথ্যা তথ্য দিয়ে উস্কানি দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করছে। প্রতিবেদনে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং চক্রান্তমূলক।
